সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতি‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে— এটা দেশের মানুষ বিশ্বাস করে না’: আনিসুল ইসলাম মাহমুদ

‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে— এটা দেশের মানুষ বিশ্বাস করে না’: আনিসুল ইসলাম মাহমুদ

favicon
অনলাইন সংস্করণ

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে— এ বিষয়ে দেশের মানুষ কোনো বিশ্বাস রাখে না, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।


শনিবার (১১ অক্টোবর) রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা বারবার বলছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। তাঁরা বলছেন, এটি হবে স্মরণকালের সবচেয়ে গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু বাস্তবতা ভিন্ন।”


আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “সরকারের তথ্য উপদেষ্টা নিজেই বলেছেন, প্রশাসনের বিভিন্ন পদ বিএনপি–জামায়াত ভাগ করে নিয়েছে। তাহলে এমন প্রশাসনের অধীনে কীভাবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব? এটা শিশুরাও বিশ্বাস করবে না।”


তিনি আরও বলেন, “আমি যখন বিভিন্ন বৈঠকে যাই, মানুষ এক প্রশ্নই করে— ফেব্রুয়ারিতে কি সত্যিই নির্বাচন হবে? এই প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। সাধারণ মানুষও বিশ্বাস করে না, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।”


জাপা চেয়ারম্যান আরও অভিযোগ করেন, “দেশে এখন মব সন্ত্রাস ও হত্যাকাণ্ড বাড়ছে। প্রতিদিন কোথাও না কোথাও লাশ পাওয়া যাচ্ছে। মানুষ প্রকাশ্যে গুলি করে হত্যা হচ্ছে। এমন ভয়াবহ আইন–শৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলা সম্পূর্ণ হাস্যকর।”


তিনি সংবিধান পরিবর্তনের বিষয়ে সতর্ক করে বলেন, “গায়ের জোরে সংবিধান পরিবর্তন করবেন না। কারণ ভবিষ্যতে আবার বিপ্লব ঘটলে যারা সংবিধান পরিবর্তন করেছিল, তাদের বিচার হবে।”


আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন, “সংবিধান পরিবর্তন করতে হলে আগে নির্বাচিত পার্লামেন্ট গঠন করতে হবে। ৫ আগস্টের ছাত্র–জনতার বিপ্লবের পরই চাইলে সংবিধান পরিবর্তন করা যেত, কিন্তু সেটা করা হয়নি। এখন সাংবিধানিকভাবে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে— তাই সংবিধান পরিবর্তনের চিন্তা করা ঠিক হবে না।”