শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সীমান্ত এলাকায় ‘গুমের পথ’ পরিদর্শনে সালাহউদ্দিন আহমদ

সীমান্ত এলাকায় ‘গুমের পথ’ পরিদর্শনে সালাহউদ্দিন আহমদ

favicon
অনলাইন সংস্করণ
সীমান্ত এলাকায় ‘গুমের পথ’ পরিদর্শনে সালাহউদ্দিন আহমদ

গুম নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি প্রামাণ্যচিত্রের কাজে সিলেটের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (১১ অক্টোবর) দুপুরে তিনি সেই পথ ঘুরে দেখেন, যেই পথ দিয়ে তাকে ভারতের শিলংয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে ধারণা করা হয়।


পরিদর্শন শেষে যমুনা টেলিভিশনের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ বলেন, “যেদিন আমাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল, তখন কিছুই বুঝতে পারিনি। জানতাম না যে আমাকে সীমান্ত পার করা হচ্ছে। ভেবেছিলাম হয়তো ক্রসফায়ারের উদ্দেশ্যে কোথাও নিয়ে যাচ্ছে। তবে এখানে এসে মনে হচ্ছে, এই পথ দিয়েই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল।”


তিনি আরও বলেন, “শিলংয়ে পৌঁছে যখন চোখের বাঁধন খোলা হয়, তখন ভাবলাম হয়তো এবার আমাকে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর স্থানীয়দের সহায়তায় পুলিশের কাছে যাই, কিন্তু তারা আমাকে পাগলাগারদে পাঠায়। তখন মনে হয়েছিল, হয়তো জীবনের বাকি সময়টা সেখানেই কাটাতে হবে।”


উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদ নিখোঁজ হন। তার পরিবার অভিযোগ করেছিল, তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে তুলে নিয়ে গিয়েছিলেন। একই বছরের ১১ মে ভারতের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।