বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকিকে অবাঞ্ছিত ঘোষণা, বিক্ষোভে ঝাড়ু হাতে ‘সচেতন মহিলা সমাজ
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির আসন ছাড়ার খবরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এর জেরে তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় সংগঠন ‘বাঞ্ছারামপুর সচেতন মহিলা সমাজ’।
গতকাল শনিবার বিকেলে সংগঠনটির ব্যানারে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের হাতে ছিল ঝাড়ু, তারা জোনায়েদ সাকির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেত্রী আছিয়া আক্তার, সানজিদা আক্তার ফারজানা, শাহেরা খাতুন, মোসাম্মদ নয়নতারা প্রমুখ।
বক্তব্যে সানজিদা আক্তার ফারজানা বলেন, “আমরা ধানের শীষের প্রার্থীকে বাঞ্ছারামপুরে চাই। আমরা জোনায়েদ সাকিকে চিনি না। ৫ আগস্টের পর তিনি এখানে এসে বাম রাজনীতির নামে ধর্মবিরোধী চিন্তাধারা ছড়াচ্ছেন এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন।”
সূত্র: বাংলাদেশ প্রতিদিন।