শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › আবু ত্বহা মোহাম্মদ আদনানকে ঘিরে নতুন বিতর্ক, স্ত্রীর ফেসবুক পোস্টে ঝড়

আবু ত্বহা মোহাম্মদ আদনানকে ঘিরে নতুন বিতর্ক, স্ত্রীর ফেসবুক পোস্টে ঝড়

favicon
অনলাইন সংস্করণ
আবু ত্বহা মোহাম্মদ আদনানকে ঘিরে নতুন বিতর্ক, স্ত্রীর ফেসবুক পোস্টে ঝড়

রংপুরের আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে তার স্ত্রী সাবিকুন নাহার ফেসবুকে একাধিক পোস্ট শেয়ার করে ব্যক্তিগত জীবনের নানা অভিযোগ প্রকাশ করেছেন, যা দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।


ফেসবুক পোস্টে সাবিকুন নাহার লেখেন, তিনি আগে স্বামীর সংশোধনের আশায় পূর্বের পোস্ট মুছে ফেলেছিলেন, কিন্তু কোনো পরিবর্তন আসেনি। কমেন্টে তিনি বলেন, “আমি মিথ্যা বলিনি। নিছক সন্দেহ থেকে কিছু লিখিনি। আগের পোস্ট ডিলিট করে সব দোষ নিজের ওপর নিয়েছিলাম, কিন্তু ভক্তদের অতিরিক্ত পক্ষপাতদুষ্ট আচরণ তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না।”


তিনি আরও বলেন, “আমার সত্য প্রকাশ হয়তো অন্যদের সচেতন করবে এবং তিনি সংশোধিত হয়ে একদিন দ্বীনের সত্যিকারের উপকারে আসবেন। আমি নানা আক্রমণের শিকার, তবুও আমি ভয় পাই না বা স্বার্থ খুঁজি না।”


মূল পোস্টে সাবিকুন নাহার অভিযোগ করেন, আবু ত্বহা তার পুরনো পরিচিত এক এয়ার হোস্টেসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তার দাবি, “আপনাদের উস্তাদ আবু ত্বহা মোহাম্মদ আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামের এক এয়ার হোস্টেসের সঙ্গে, যিনি তার কলেজ জীবনের পুরোনো প্রিয়তমা। তখন টাকার অভাবে বিয়ে হয়নি, এখন আবার তাদের সম্পর্ক নতুনভাবে শুরু হয়েছে।”


তিনি আরও লেখেন, “তারা নিয়মিত যোগাযোগ রাখছেন, দীর্ঘ সময় ফোনে কথা বলেন এবং সেন্টারে দেখা করেন। এমনকি লং ড্রাইভের পরিকল্পনাও করেন। আপনারা যে দান করেন, সেই টাকায় গড়া প্রতিষ্ঠানগুলো আসলে বিভিন্ন আয়োজনের নামে নারীদের সঙ্গে একান্তে দেখা করার সুযোগ তৈরি করে।”


সাবিকুন নাহার আরও অভিযোগ করেন, “যে ব্যক্তি কো-এডুকেশনের (নারী-পুরুষ একসাথে পড়াশোনা) বিরোধিতা করেন, তার প্রতিষ্ঠানগুলোতেই নারী-পুরুষের অবাধ মেলামেশা চলছে। এসব থেকে বিরত রাখতে গেলে উনি আমাকে নানা অপবাদ দেন ও সমাজে ছোট করেন।”


তিনি আরও দাবি করেন, আবু ত্বহা এর আগেও একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তা ভঙ্গ করেছেন। “আমাকে এসব বিষয়ে একাত্মতা প্রকাশে বাধ্য করার চেষ্টা করা হয়েছে। দুই বছর ধরে নানা নাটকীয় পরিস্থিতি তৈরি করে আমার মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে দেয়া হয়েছে,”—বলেন তিনি।


শেষে সাবিকুন নাহার জানান, মানসিক চাপের কারণে তিনি আপাতত অনলাইন তালিম কার্যক্রম স্থগিত করছেন। তিনি অনুসারীদের উদ্দেশে বলেন, “আমি গুনাহগার, কিন্তু আল্লাহর রহমতপ্রত্যাশী। আমার ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন।”