ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক, থানায় সোপর্দ করল ছাত্রদল
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আটক ব্যক্তির নাম হুসাইন তুষার, যিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক ছিলেন।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে প্রক্টর অফিসে নিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে ইবি থানায় হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মাস্টার্স ক্লাসে অংশ নিতে আসেন তুষার। এ সময় শাখা ছাত্রদলের কর্মীরা তাকে ভবনের সামনে দেখে আটক করেন।
শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, “এই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে থাকাকালে নানা অপকর্মে জড়িত ছিল এবং শিক্ষার্থীদের হুমকি-ধমকি দিত। প্রশাসনের তদন্তেও অনেক নাম বাদ পড়েছে, কিন্তু তুষারের মতো অনেকে এখনো ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। নিষিদ্ধ সংগঠনটি আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “সম্প্রতি প্রশাসনের কিছু মন্তব্যে ছাত্রলীগ নতুন করে সক্রিয় হওয়ার সাহস পাচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা উচিত।”
অন্যদিকে আটক ছাত্রলীগ নেতা হুসাইন তুষার দাবি করেছেন, “আমি শুধু মাস্টার্সের পরীক্ষা দিতে এসেছিলাম। এর আগে অনার্স পরীক্ষায় অংশ নিতে এসেছিলাম, তখন কেউ কিছু বলেনি। কিন্তু আজ তারা আমাকে হঠাৎ করে আটক করেছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “শিক্ষার্থীরা তুষারকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে থানায় সোপর্দ করেছি। প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ইবি থানার ওসি মেহেদী হাসান জানান, “তুষার বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”