দাবি পূরণের আশ্বাসে বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদের হরতাল প্রত্যাহার
দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর বান্দরবানে সোমবার (১৩ অক্টোবর) ঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
রবিবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় প্রশাসনের অনুরোধে অনুষ্ঠিত বৈঠক শেষে পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান এ ঘোষণা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
জেলা প্রশাসক নাগরিক পরিষদের দাবিগুলো বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে সংগঠনটি হরতাল স্থগিতের সিদ্ধান্ত নেয়।
এর আগে, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বান্দরবানের গ্র্যান্ড ভ্যালি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ৮ দফা দাবিতে ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছিল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। ঘোষণার পর থেকে সংগঠনটি হরতাল সমর্থনে মিছিল, পথসভা ও প্রচারণা চালিয়ে আসছিল।
তবে হরতাল প্রত্যাহারের ঘোষণার সময়ও শহরের ৩ নম্বর এলাকা ও আশপাশে হরতালের পক্ষে মাইকিং চলতে দেখা গেছে।
৮ দফা দাবির মধ্যে ছিল:
১. ব্রিটিশ আমলে প্রণীত পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল করে সংবিধান অনুযায়ী তিন পার্বত্য জেলার শাসনব্যবস্থা চালু করা।
২. জমি ক্রয়-বিক্রয় ও চাকরি–শিক্ষায় রাজার সনদ বাতিল।
৩. অন্যান্য জেলার মতো তিন পার্বত্য জেলায় ভূমি ব্যবস্থাপনা ও ক্রয়-বিক্রয় চালু করা।
৪. বাজার ফান্ড প্লটের লিজ মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা ও বন্ধ ব্যাংক ঋণ পুনরায় চালু করা।
৫. উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান স্থাপন।
৬. নিরাপত্তা জোরদারে প্রত্যাহার করা ২৪৬টি সেনা ক্যাম্প পুনঃস্থাপন।
৭. অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমন করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।
৮. শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা খাতে উন্নয়ন নিশ্চিত করা।