কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
রাজধানীর কলাবাগান এলাকায় একটি বাসার ডিপ ফ্রিজ থেকে তাসলিমা আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কলাবাগান প্রথম লেনের লন্ডন কলেজের পাশে ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাসলিমার স্বামী নজরুল ইসলাম ঘটনার পর থেকেই পলাতক। নিহতের মেয়ে অভিযোগ করেছেন, তার বাবা মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই মা–বাবার মধ্যে ঝগড়া ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটত। মেয়ের দাবি, রবিবার রাতে নজরুল ইসলাম তার মা তাসলিমাকে হত্যা করে মরদেহটি ডিপ ফ্রিজে লুকিয়ে রাখে। এরপর সকালে মেয়েদের বোনের বাড়িতে রেখে পালিয়ে যায়।
পুলিশ জানায়, খবর পেয়ে বাসার তালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মুখ কাপড়ে বাঁধা ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তাসলিমাকে হত্যা করা হয়েছে।”
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। তারা দ্রুত আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।