সুন্দরবনে কোস্ট গার্ড-নৌবাহিনীর অভিযানে ছোটন বাহিনীর সহযোগী আটক
খুলনার কয়রায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাতদল ছোটন বাহিনীর একজন সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম সাগর শেখ ওরফে জয় শীল (৪১)। তিনি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ছোটন বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তথ্যের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা ও নৌবাহিনীর কন্টিনজেন্ট কয়রা যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ডাকাতদের ধাওয়া করে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও তিন রাউন্ড ফাঁকা কার্তুজসহ ছোটন বাহিনীর সহযোগী সাগর শেখকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে ছোটন বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি কার্যক্রমে সহযোগিতা করতেন এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করতেন।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।