মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন: তিনজন দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন
রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন— মো. সোহেল সরদার (৩৭), মো. মামুন (৩৫) এবং মো. সুরুজ্জামান। চিকিৎসকদের মতে, তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সুরুজ্জামানের শরীরের প্রায় ২ শতাংশ দগ্ধ হয়েছে, অপর দুজন ধোঁয়ায় অসুস্থ হয়েছেন। তিনজনই বর্তমানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে ওই ফ্যাক্টরির কর্মকর্তা জোসনা বেগম জানান, আগুনের উৎপত্তি শিয়ালবাড়ি এলাকার একটি কেমিক্যাল গোডাউন থেকে হয়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং এতে কয়েকজন শ্রমিক আহত হন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ১১টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে আরও ৩টি ইউনিট যোগ দেয়।
তিনি আরও জানান, আগুন এখনো সম্পূর্ণ নিভে না গেলেও নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।