তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতি ও মানবিকতার দেশ: এস এস জিলানী
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এস জিলানী বলেছেন, “২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতি, সাম্য ও মানবিকতার বাংলাদেশ—সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ।”
বুধবার (১৫ অক্টোবর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট কাজী মন্টু কলেজ মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
জিলানী বলেন,
“বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি তাঁর আদর্শকে বুকে ধারণ করেই বিএনপির রাজনীতি করি।”
তিনি আরও বলেন,
“কোটালীপাড়ায় সম্প্রীতি বজায় রাখতে আমাকে একবার সুযোগ দিন। আপনাদের সমস্যা জানাতে আমার কাছে আসতে হবে না—আমি নিজেই আপনাদের কাছে গিয়ে সমস্যার কথা শুনব ও সমাধানের চেষ্টা করব।”
উপজেলা বিএনপির সভাপতি এস এস মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, এবং ভাঙ্গারহাট বণিক সমিতির সভাপতি শ্যাম বাড়ৈসহ স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতারা।