বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সাভারে গর্ভবতী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যু: গিল্ডান কারখানায় বিক্ষোভ, সেনা-পুলিশ মোতায়েন

সাভারে গর্ভবতী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যু: গিল্ডান কারখানায় বিক্ষোভ, সেনা-পুলিশ মোতায়েন

favicon
অনলাইন সংস্করণ
সাভারে গর্ভবতী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যু: গিল্ডান কারখানায় বিক্ষোভ, সেনা-পুলিশ মোতায়েন

সাভার আশুলিয়ায় কানাডিয়ান মালিকানাধীন গিল্ডান গ্রুপের তিনটি কারখানায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়েছে। গত সোমবার (১৩ অক্টোবর) নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত গর্ভবতী তাজমিনা খাতুন (২৫) ঢাকার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


শ্রমিকরা অভিযোগ করেন, অসুস্থ অবস্থায় তাজমিনা ছুটি ও চিকিৎসা সহায়তা চাইলেও কর্তৃপক্ষ সহযোগিতা করেনি। সহকর্মীরা চাঁদা তুলে চিকিৎসা ব্যবস্থা করতে চাইলে বাধা দেওয়া হয়। অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়, যেখানে তার মৃত্যু হয়।


এ ঘটনায় পলাশবাড়ীর গিল্ডান অ্যাক্টিভ ওয়্যার বিডি লিমিটেড, জামগড়ার গিল্ডান গার্মেন্টস লিমিটেড ও নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানাগুলোর সামনে শিল্প পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।


কর্তৃপক্ষ তিনটি কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে শান্তি ফেরানোর চেষ্টা করেছে। শ্রমিকরা দাবি করেন, সম্প্রতি নিয়োগপ্রাপ্ত কিছু বিদেশি কর্মকর্তা শ্রমিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছেন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও বড় আকার নেবে।


শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আলোচনা চালিয়ে শ্রমিকদের শান্ত রাখা হয়েছে।