জামায়াত আমিরের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের রাজনৈতিক উপদেষ্টা সারওয়ার জাহান চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।
আলোচনার শুরুতে রাষ্ট্রদূত জামায়াত আমিরের শারীরিক খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।
বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে নরওয়ের সার্বিক সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। এছাড়া গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা, আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।