ঝিনাইদহে স্ত্রী হত্যার দায় স্বীকার, স্বামী লাল মিয়া গ্রেপ্তার
ঝিনাইদহে স্ত্রী তাসলিমা খাতুন হত্যা মামলায় তার স্বামী লাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, জিজ্ঞাসাবাদে লাল মিয়া স্বীকার করেছে যে, সে শ্বাসরোধ করে তার স্ত্রীকে হত্যা করেছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ১২ অক্টোবর রাতে ঝিনাইদহ শহরতলীর গোপিনাথপুর এলাকার একটি কাঠের আড়ত থেকে তাসলিমা খাতুনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ছেলে রাজন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।