রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমখেলা২০৩০ কমনওয়েলথ গেমসের আয়োজক ভারত, ভেন্যু আহমেদাবাদ

২০৩০ কমনওয়েলথ গেমসের আয়োজক ভারত, ভেন্যু আহমেদাবাদ

favicon
অনলাইন সংস্করণ
২০৩০ কমনওয়েলথ গেমসের আয়োজক ভারত, ভেন্যু আহমেদাবাদ

ভারত আবারও কমনওয়েলথ গেমস আয়োজনের সুযোগ পেল। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদকে ২০৩০ সালের শতবর্ষী আসরের আয়োজক শহর হিসেবে নির্বাচিত করা হয়েছে।


কমনওয়েলথ স্পোর্টসের মূল্যায়ন কমিশন নাইজেরিয়ার আবুজাকে পেছনে ফেলে আহমেদাবাদকে মনোনীত করেছে। আগামী ২৬ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে।


বিশ্বের বৃহত্তম ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়াম থাকা আহমেদাবাদ ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে পরিচিত একটি শহর। ২০২৩ সালে এখানেই অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। পাঁচ মিলিয়নেরও বেশি জনসংখ্যার এই শহরকে ভবিষ্যতে সম্ভাব্য অলিম্পিক আয়োজক হিসেবেও দেখা হচ্ছে।


ভারত এর আগে ২০১০ সালে রাজধানী দিল্লিতে প্রথমবারের মতো কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল। এবার শতবর্ষী আসরের আয়োজক হয়ে দেশটি নতুন ইতিহাস রচনার সুযোগ পাচ্ছে।


অন্যদিকে, নাইজেরিয়ার আবুজা আবারও আয়োজক হওয়ার সুযোগ হারাল। ২০১৪ সালের আসরেও তারা গ্লাসগোর কাছে পরাজিত হয়েছিল। ফলে আফ্রিকার মাটিতে কমনওয়েলথ গেমস আয়োজনের অপেক্ষা আরও দীর্ঘ হলো।


কমনওয়েলথ স্পোর্টস এক বিবৃতিতে জানায়, “আমরা বিভিন্ন মানদণ্ডে শহরগুলোর প্রস্তাব মূল্যায়ন করেছি। ভবিষ্যতে নাইজেরিয়াকে আয়োজক হওয়ার সুযোগ দেওয়ার লক্ষ্যে একটি কৌশলগত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যেখানে ২০৩৪ সালের আসরও বিবেচনায় থাকবে।”


উল্লেখ্য, ২০৩০ সালের আসরটি হবে কমনওয়েলথ গেমসের শতবর্ষী সংস্করণ, যার যাত্রা শুরু হয়েছিল ১৯৩০ সালে কানাডার হ্যামিলটনে।