চট্টগ্রামের সিইপিজেডে আল হামিদ টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নয়তলা ভবনটিতে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ভবনটির ৫, ৬ ও ৭ তলায় আগুনের সূত্রপাত হয়। তিনি বলেন, “এটি একটি তোয়ালে উৎপাদনকারী কারখানা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে।”
এছাড়া বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধারকাজ চলছে।