পাবনায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
পাবনা সদর উপজেলার পৌর এলাকার শালগাড়ীয়া গোরস্থানপাড়া সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে স্থানীয়রা ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে লাশটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তার পরনে ছিল কালো টি-শার্ট ও কালো জিন্সের প্যান্ট। স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে তাকে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “প্রাথমিক সুরতহালে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। এটি হত্যা কি না, তা নিশ্চিত হতে পিবিআই তদন্ত শুরু করেছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”