১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডের ভয়াবহ আগুন, তদন্তে ৫ সদস্যের কমিটি
প্রায় ১৭ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের দুইটি কারখানায় লাগা ভয়াবহ আগুন। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট, যাদের সহায়তা করেছে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, সদস্যরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত রেখে কাজ করেছেন। তিনি বলেন, “সবাই একসাথে কাজ করায় আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়েনি, যা একটি বড় স্বস্তির বিষয়।”
আগুনের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বর এলাকার একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের ‘জিন হং মেডিকেল’ নামের কারখানায় ছড়িয়ে পড়ে। এতে দুইটি কারখানাই ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তীব্রতায় ভবনের ছাদ ধসে পড়ে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে ২৫ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।