নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনের সামনে থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ফতুল্লা থানা পুলিশের যৌথ টিম।
শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘোর এলাকার নূরুল ইসলামের ছেলে মো. সোহরাব (২২), জামালপুরের সরিষাবাড়ীর বাঁশবাড়ি এলাকার নূরুল ফকিরের ছেলে মো. মিরাজ (২৮), জামালপুর সদরের কাষ্ঠসিঙ্গাইর এলাকার মো. মনজু (৩০) এবং সরিষাবাড়ীর কামরাবাগ এলাকার মজনু ব্যাপারীর ছেলে মো. আলমগীর হোসেন (৩২)।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত এলাকায় ছিনতাই করে আসছিল। তারা দূরপাল্লার বাসযাত্রীদের টার্গেট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিত।
তিনি আরও বলেন, যৌথ অভিযানে চক্রটির চার সদস্যকে আটক করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।