রাজবাড়ীর পদ্মায় অভিযান: ২২ জেলে কারাদণ্ড, জব্দ ৮৭ কেজি ইলিশ ও ২ লাখ ৫৮ হাজার মিটার জাল
মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ীর পদ্মা নদীতে পরিচালিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে প্রশাসন। একই সঙ্গে জব্দ করা হয়েছে ৮৭ কেজি ইলিশ ও দুই লাখ ৫৮ হাজার মিটার অবৈধ জাল।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল পর্যন্ত জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল হক জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় আটটি অভিযান ও তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে সদর উপজেলার পাঁচ জেলেকে ১০ দিন করে এবং আরও ১৭ জনকে তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
জব্দ করা অবৈধ জালের বাজারমূল্য প্রায় ৫১ লাখ টাকা বলে জানিয়েছেন মৎস্য বিভাগ। জব্দকৃত ইলিশ পরে সামাজিক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণে পদ্মাসহ দেশের সব নদ-নদীতে অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, মা ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য দেশে ইলিশ ধরা, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।