শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপির নীতিগত সমর্থন
শিক্ষকদের আন্দোলনের বিষয়ে মুখ খুলেছে বিএনপি। দলটি বলছে, শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে তারা নীতিগতভাবে একমত। শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুর ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি শিক্ষকদের জন্য তাদের অঙ্গীকার অনুযায়ী মুক্তিযুদ্ধের চেতনায় চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করবে। দেশের উন্নয়ন ও শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণের জন্য শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা অপরিহার্য।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, চাকরির স্থায়ীকরণ এবং পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণ ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। তবে শিক্ষকদের আন্দোলনের ছদ্মবেশে স্বৈরাচারী প্রচেষ্টা করলে তা প্রতিহত করার ক্ষেত্রে বিএনপি কোনো নমনীয়তা প্রদর্শন করবে না।