আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী চূড়ান্তে মাঠে বিএনপি, মৌলভীবাজারের চার আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠকে বসছেন ফখরুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই ও খসড়া তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠকে বসবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামীকাল রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন।
তিনি জানান, মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে দলের মোট ছয়জন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। এদের মধ্যে রয়েছেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন এবং ফয়জুল করিম ময়ূন নিজেও মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জেলার চারটি আসনেই একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন এবং নির্বাচনী মাঠে তৎপরতা শুরু করেছেন।
ভিপি মিজানুর রহমান মিজান বলেন, “গত নির্বাচনে আমি প্রার্থী ছিলাম, এবারও প্রার্থী হতে চাই। বিগত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে আছি, হামলা-মামলার মুখে থেকেও দলের পাশে ছিলাম। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই আমার সেই অবদানকে মূল্যায়ন করবেন।”
অন্যদিকে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পাঁচবারের মেয়র মো. মহসিন মিয়া মধু জানান,
“রাজনীতিতে আমার অভিজ্ঞতা ৫০ বছরের। ২০০১ সালে ধানের শীষের প্রার্থী ছিলাম। টানা পাঁচবার পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছিলাম। বিভিন্ন সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়েছি, তবুও মাঠে সক্রিয় থেকেছি।”
তিনি আরও বলেন, “বৈঠকে যোগ দেওয়ার দাওয়াত পেয়েছি। দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী।”
সূত্র জানায়, মৌলভীবাজারের সব আসনেই স্থানীয় নেতারা ইতোমধ্যে নিজেদের অবস্থান শক্ত করতে তৎপর হয়ে উঠেছেন। রবিবারের বৈঠকের পর জেলা পর্যায়ের প্রার্থী তালিকা কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করবে বিএনপি।