ক্ষমতায় এলে পল্লী চিকিৎসা সম্প্রসারণ করবে বিএনপি: তারেক রহমান
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত পল্লী চিকিৎসা ধারণাকে সামনে রেখে ক্ষমতায় গেলে সেই ধারা বজায় রেখে সারাদেশে চিকিৎসাসেবা সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৮ অক্টোবর) শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিকেলে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সারাদেশে চিকিৎসা কার্যক্রম চালু করবে। এতে দেশের সাধারণ মানুষ তুলনামূলক কম খরচে প্রাইভেট সেক্টর থেকে উন্নত চিকিৎসাসেবা নিতে পারবে।
এ সময় তিনি দলের নেতাকর্মীদের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে কাজ করার আহ্বান জানান।