খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য আসছে বুলেটপ্রুফ গাড়ি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নতুন দুটি বুলেটপ্রুফ গাড়ি কিনছে বিএনপি। দলের পক্ষ থেকে আবেদন করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে গাড়ি দুটির অনুমোদন দিয়েছে।
সূত্র জানায়, খালেদা জিয়ার জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি বুলেটপ্রুফ মিনিবাস এবং তারেক রহমানের জন্য একটি বুলেটপ্রুফ জিপ গাড়ি আনা হবে। যদিও এখনো মডেল বা নির্মাতার নাম জানা যায়নি, তবে গাড়িগুলো জাপান থেকে আমদানি করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রায় পাঁচ মাস আগে তারেক রহমানের গাড়ির অনুমোদন দেওয়া হয়েছিল, আর নতুন করে আবেদন আসে খালেদা জিয়ার গাড়ির জন্য। পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে ইতিবাচক প্রতিবেদন পাওয়ার পর সম্প্রতি তার গাড়ির অনুমতিও দেওয়া হয়েছে।
এদিকে বুলেটপ্রুফ গাড়ির পাশাপাশি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্যও আবেদন করেছে বিএনপি। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে, যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে।
বিএনপির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরতে পারেন। বিএনপির অভ্যন্তরীণ সূত্র মতে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তার দেশে ফেরার তারিখ নির্ধারণ হতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, “তারেক রহমান দেশে ফিরলে সরকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। বিএনপির পক্ষ থেকে যেভাবে নিরাপত্তা চাওয়া হবে, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।”
বর্তমানে খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা টিম রয়েছে—চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। এতে ১০ জন সদস্য কাজ করেন। তবে খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর জানান, “সিএসএফের সক্ষমতা নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট নই। দেশের জনাকীর্ণ অবস্থা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আরও উন্নত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
মন্ত্রণালয় সূত্র আরও জানায়, সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, বিদেশি দূতাবাস বা জাতিসংঘের প্রতিনিধিদের জন্যই বুলেটপ্রুফ গাড়ির অনুমতি দেওয়া হয়। রাজনৈতিক দলের জন্য এ অনুমতি অতীতে খুবই বিরল।
বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন) সূত্রে জানা যায়, বুলেটপ্রুফ গাড়ি সাধারণত জাপান, কানাডা ও জার্মানিতে তৈরি হয়। একটি গাড়ির দাম প্রায় ২ লাখ ডলার (প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা)। শুল্কসহ খরচ দাঁড়াতে পারে প্রায় ২২ কোটি টাকা।
উল্লেখ্য, খালেদা জিয়ার জন্য সর্বশেষ বুলেটপ্রুফ গাড়ি আনা হয়েছিল নব্বইয়ের দশকে। পরবর্তীতে ২০০৯ সালে শেখ হাসিনার সরকার গঠনের পর তার জন্যও নতুন বুলেটপ্রুফ গাড়ি আমদানি করা হয়।