সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা সিটি কলেজের পূর্ব পাশে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর কলেজ আইডি কার্ড ছিনিয়ে নিয়ে তাকে মারধর করেন ধানমন্ডি আইডিয়াল কলেজের ৪-৫ জন শিক্ষার্থী। এ ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।
অল্প সময়ের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে এবং পুনরায় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।