বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে ৩২টি তাজা ককটেল ও বিস্ফোরক উদ্ধার, চারজন গ্রেফতার

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে ৩২টি তাজা ককটেল ও বিস্ফোরক উদ্ধার, চারজন গ্রেফতার

favicon
অনলাইন সংস্করণ
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে ৩২টি তাজা ককটেল ও বিস্ফোরক উদ্ধার, চারজন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩২টি তাজা ককটেল ও বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়।


সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শুরু হয়ে অভিযানটি চলে গভীর রাত পর্যন্ত। উদ্ধার করা ককটেলগুলো পরে বছিলা আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, যেখানে রাত সোয়া তিনটার দিকে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ১৮টি ও পরে ১৪টি—মোট ৩২টি ককটেল নিষ্ক্রিয় করে।


২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ মঙ্গলবার সকালে এক ব্রিফিংয়ে জানান, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় দফায় জেনেভা ক্যাম্পের একটি বাসায় অভিযান চালিয়ে আরও একজনকে আটক করা হয়। সেখানে ব্লেন্ডার মেশিন, গানপাউডার, মার্বেল পাথর ও ককটেল তৈরির উপকরণ পাওয়া যায়।


লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ আরও জানান, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে অপরাধী নেটওয়ার্কের বিস্তৃত তথ্য পাওয়া গেছে এবং মাস্টারমাইন্ডকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।