টেকনাফে বিজিবির অভিযানে মানবপাচারকারীদের আস্তানা ধ্বংস, ৬ বন্দি উদ্ধার
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালিয়ে ছয়জন বন্দিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোররাতে বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া গহিন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাচারকারী চক্রের এক সদস্য মো. রুবেল (২১) কে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। তিনি করাচিপাড়ার মোহাম্মদ হোছনের ছেলে। এ ঘটনায় আরও ছয়জনকে পলাতক আসামি করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, করাচিপাড়ার গহিন পাহাড়ে মানবপাচারকারী একটি চক্র মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর প্রলোভন দেখিয়ে কয়েকজনকে জিম্মি করে রেখেছিল। খবর পেয়ে বিজিবির আভিযানিক দল পাহাড়টি ঘিরে ফেলে এবং প্রায় ছয় ঘণ্টা অভিযান চালায়। এ সময় পাচারকারীরা পালানোর চেষ্টা করলেও বিজিবি তাদের আস্তানা ভেঙে ছয় বন্দিকে উদ্ধার ও একজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান জানান, অভিযানে একটি একনলা বন্দুক, তিনটি ওয়ান শুটার গান ও পাঁচ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার ভুক্তভোগীদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আটক পাচারকারীকে উদ্ধার অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে।