ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর দুল ছিনতাই, পরে জানা গেল সেগুলো ইমিটেশনের
ফরিদপুরে দুই ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে। তবে স্বর্ণের দুল ভেবে তারা ছিনতাই করলেও পরে জানা যায়, সেগুলো ছিল ইমিটেশনের। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুরো ঘটনাটি ধরা পড়ে পাশের একটি মুদি দোকানের সিসিটিভি ক্যামেরায়।
গৃহবধূ মঞ্জু রানী দাস (৩৫) স্থানীয় ব্যবসায়ী বিষু দাসের স্ত্রী। প্রতিদিনের মতো ভোরে তিনি স্বামীর ‘মা স্টোর’ নামের দোকানের সামনে রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন। সেই সময় মোটরসাইকেলে করে দুই যুবক এসে মাত্র দেড় মিনিটের মধ্যেই তার কানে থাকা একজোড়া দুল ছিনিয়ে নেয়।
মঞ্জু রানী জানান, “দুইজন মোটরসাইকেলে এসে আমার পাশে থামে। একজন কানের দুল টান দেয়, আরেকজন পিস্তল দেখিয়ে বলে চিৎকার করলে গুলি করবে। ভয় পেয়ে আমি নিজেই দুল খুলে তাদের হাতে দিই।”
তার স্বামী বিষু দাস বলেন, “আমি তখন ঘুমাচ্ছিলাম। পরে সিসি ক্যামেরার ভিডিও দেখে দেখি, দুই হেলমেট পরা যুবক ঘটনাটি ঘটায়। একজন দুল টেনে নেয়, অন্যজন পিস্তল তাক করে ভয় দেখায়।”
তিনি আরও জানান, এর আগেও অম্বিকাপুর বাদিয়া পাড়া ও শোভারামপুর ফুলতলায় গত তিন দিনে একই ধরনের দুইটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে।