আখাউড়ায় অটোরিকশা চালকের ছুরিকাঘাতে মিষ্টির দোকান কর্মচারী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটোরিকশা চালকের ছুরিকাঘাতে জীবন মিয়া (২৫) নামে এক মিষ্টির দোকানের কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পৌরশহরের সড়কবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জীবন মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আলমগীর বাদশার ছেলে। তিনি পৌরশহরের ভিআইপি সুইটমিট দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের পণ্য আনতে যাওয়ার সময় সড়কে জীবন মিয়ার সঙ্গে অটোরিকশা চালক সাহাদাতের কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর সাহাদাত ধারালো ছুরি নিয়ে দোকানে গিয়ে জীবনের ওপর অতর্কিতভাবে হামলা চালায় এবং বুকে ছুরিকাঘাত করে।
এসময় উপস্থিত লোকজন ও দোকানের কর্মচারীরা সাহাদাতকে আটক করে গণধোলাই দেন। পরে গুরুতর আহত জীবন মিয়া ও সাহাদাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জীবন মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহত সাহাদাত হোসেন পৌরশহরের দেবগ্রাম এলাকার বাসিন্দা। তাকে পুলিশ হেফাজতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযুক্ত সাহাদাত বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।