ফরিদপুরে ট্রাকচাপায় দুই ব্যবসায়ী নিহত, আহত দুই
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের সাতৈর ইউনিয়নের কানখরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের মধু সাহা (৪৫) এবং সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের নারায়ণ চন্দ্র সাহা (৪৩)। আহত দুইজনের নাম সঞ্জয় বণিক সাহা ও নেপাল সাহা, যাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চারজনই সাতৈর বাজারের ব্যবসায়ী। তারা কাদিরদী গ্রামের এক সনাতনী ধর্মীয় নামযজ্ঞ অনুষ্ঠান শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে সামনের দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মধু সাহা ও নারায়ণ চন্দ্র সাহা মারা যান।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রয়েল আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, “ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”