শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › নীলফামারীতে প্রভাবশালীর দখলে গ্রামীণ রাস্তা, ভোগান্তিতে ১৫ পরিবার

নীলফামারীতে প্রভাবশালীর দখলে গ্রামীণ রাস্তা, ভোগান্তিতে ১৫ পরিবার

favicon
অনলাইন সংস্করণ
নীলফামারীতে প্রভাবশালীর দখলে গ্রামীণ রাস্তা, ভোগান্তিতে ১৫ পরিবার

নীলফামারীর সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের নগর দাড়োয়ানী টেক্সটাইল কবিরাজপাড়া গ্রামে পঞ্চাশ বছরের পুরোনো একমাত্র চলাচলের রাস্তা দখল করে দোকান নির্মাণ করেছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি, ফলে গ্রামের অন্তত ১৫টি পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি দিয়ে তারা বাজার, স্কুল, মসজিদ ও হাসপাতালে যাতায়াত করতেন। কিন্তু সেতু নামের এক ব্যক্তি রাস্তার ওপর দোকান তুলে পথ বন্ধ করে দেওয়ায় এখন পুরো গ্রাম প্রায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে।


ভুক্তভোগী আঞ্জুয়ারা সুমি বলেন, “আমরা প্রায় ৫০ বছর ধরে এই রাস্তায় চলাচল করছি। এখন সেতু দোকান তুলে পুরো পথ বন্ধ করে দিয়েছে। বাচ্চাদের স্কুলে পাঠানোও এখন খুব কষ্টকর।”


আরেক বাসিন্দা রুবি বেগম বলেন, “বাজারে যেতে এখন অনেক দূর ঘুরতে হয়। বিশেষ করে বৃদ্ধদের জন্য এটি খুবই কষ্টকর।”


শিক্ষার্থী ফারজানা আক্তার জানান, “রাস্তায় দোকান উঠায় প্রতিদিন স্কুলে যেতে দেরি হয়, অনেক সময় ক্লাসও মিস করি।”


অভিযুক্ত সেতু অভিযোগ অস্বীকার করে বলেন, “ওরা আমাদের জমিতে বসবাস করছে। আমরা থাকার জায়গা আর চলাচলের পথ দিয়েছিলাম। এখন তারা উল্টো অভিযোগ করছে। তাদের জন্য অন্য রাস্তা রয়েছে।”


এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”