নির্বাচন বানচালের চেষ্টা করছে স্বৈরাচারের প্রেতাত্মারা: জয়নুল আবদিন ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, তবে স্বৈরাচারের প্রেতাত্মারা সেই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
রোববার (২৬ অক্টোবর) জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে দলীয় প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, “অর্থবহ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সফল করতে হবে। দেশের প্রতিটি অঞ্চলে নির্বাচনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “গত ১৫ বছরে শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যপুস্তককে দলীয়করণের চেষ্টা করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর।”