চানখাঁরপুলে ৬ হত্যা মামলা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে ১২তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
রাজধানীর চানখাঁরপুলে জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ রবিবার (২৬ অক্টোবর) ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের ১২তম দিন অনুষ্ঠিত হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে, গত ১৬ অক্টোবর দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জবানবন্দিতে আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।
এই মামলার ১৯ নম্বর সাক্ষী আসিফ মাহমুদ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বর্বরতা তিনি প্রত্যক্ষ করেছেন। তিনি দাবি করেন, গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুলে শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করা হয়। একইসঙ্গে তিনি জানান, ডিবি পরিচয়ে রাতের আঁধারে তাকে গুম করার চেষ্টাও করা হয়েছিল।
এই ঘটনার জন্য তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্টদের দায়ী করেন।
গ্রেপ্তার চার আসামি হলেন শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
পলাতক আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালালে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।