নারায়ণগঞ্জে এমএস ডায়িং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প এলাকায় অবস্থিত এমএস ডায়িং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
দগ্ধরা হলেন— শ্রমিক আল আমিন (৩০), আজিজুল্লাহ (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ভোরে কারখানার নিচতলায় বয়লাররুমে কাজ করছিলেন তারা। সকাল সাড়ে ৮টার দিকে গ্যাসলাইন থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ছয়জনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ শ্রমিকদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সবার অবস্থাই গুরুতর। কার শরীরে কত শতাংশ পুড়েছে, তা পরবর্তীতে নির্ণয় করা হবে।