স্বামীকে ভিডিও কলে রেখে আগাছা নাশক পান, গৃহবধূর মৃত্যু
বাগেরহাটের মোল্লাহাটে স্বামীকে ভিডিও কলে রেখে আগাছা নাশক ওষুধ পান করে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত গৃহবধূর নাম পিয়াসী (২০)। তিনি উপজেলার কামার গ্রামের সজীব শেখের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সজীব শেখ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত শুক্রবার বিকেলে স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় হঠাৎ আগাছা নাশক ওষুধ পান করেন পিয়াসী।
বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তার মৃত্যু হয়।
পরিবার এখনো আত্মহত্যার কারণ নিশ্চিত করতে পারেনি।
মোল্লাহাট থানার ওসি ফজলুল করিম বলেন,
“ঘটনার বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”