চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ৮
চট্টগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মো. সাজ্জাদ নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অন্তত আটজন আহত হয়েছেন।
সোমবার (২৮ অক্টোবর) গভীর রাতে নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে একটি ব্যানার সরানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।