বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ফার্মগেট মেট্রো দুর্ঘটনায় নিহত আজাদের দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএনপি নেতা শফিকুর রহমান কিরণ

ফার্মগেট মেট্রো দুর্ঘটনায় নিহত আজাদের দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএনপি নেতা শফিকুর রহমান কিরণ

favicon
অনলাইন সংস্করণ
ফার্মগেট মেট্রো দুর্ঘটনায় নিহত আজাদের দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএনপি নেতা শফিকুর রহমান কিরণ

রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ।


বুধবার (২৯ অক্টোবর) বিকেলে তিনি নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে নিহত আবুল কালাম আজাদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান। এ সময় তিনি নিহতের দুই সন্তানের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন এবং পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


শফিকুর রহমান কিরণ বলেন, “আমরা শুধু একটি সন্তান হারাইনি, আমার এলাকার এক কর্মক্ষম তরুণকেও হারিয়েছি। এই কষ্ট সরকার ভোগ করবে না, ভোগ করবে পরিবার ও সমাজ। কোনো ক্ষতিপূরণ দিয়েই একজন কর্মক্ষম মানুষকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তারপরও পরিবারের ভবিষ্যতের কথা ভেবে আমি ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করছি। যদি পরিবার তা না পায়, আদালতের আশ্রয় নিতে হবে।”


তিনি আরও বলেন, “এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। একটি বিশাল রাষ্ট্রীয় প্রকল্প মেট্রো রেল, সেখানে বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন মানুষ মারা গেলেন—এটা অবহেলা ও নিম্নমানের কাজের ফল। সরকারকে এর জবাব দিতে হবে।”


নিজের আন্তর্জাতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে সাবেক এমপি বলেন, “আমি পৃথিবীর ৮৮টি দেশে ঘুরেছি, কিন্তু কোথাও এমন ঘটনা দেখিনি। এখানে নজরদারির ঘাটতি ও নিম্নমানের বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে, এজন্য সেন্সর স্থাপন ও অভিজ্ঞ প্রকৌশলীদের তত্ত্বাবধান নিশ্চিত করতে হবে।”


তিনি আরও জানান, নিহতের দুই সন্তানের শিক্ষার দায়িত্ব তিনি নিজে নেবেন, আর বিএনপি ক্ষমতায় এলে নিহতের স্ত্রীকে চাকরির ব্যবস্থা করা হবে। এছাড়া জেলা ও কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকেও একটি অনুদান অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে, যা আগামী এক সপ্তাহের মধ্যে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।


এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিহত আজাদের পরিবারের পাশে উপস্থিত ছিলেন।