ঝিনাইদহে ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা কৃষকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহে ধানক্ষেত থেকে ইসাহাক আলী (৬৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। নিহত ইসাহাক আলী ওই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধানক্ষেতে কাজ করতে গিয়ে কৃষকরা আইলের পাশে ইসাহাক আলীর মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
সদর থানার ওসি (তদন্ত) জহুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করে মরদেহটি ধানক্ষেতে ফেলে গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।