রাজশাহীতে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেলবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে লিটন আলী (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে স্থানীয়রা পুকুরে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দিলে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি মাসুদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নয় বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, মৃত লিটন আলীর বাড়ি রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি গ্রামে। স্থানীয়দের মতে, তিনি মাদকাসক্ত ছিলেন এবং নেশাগ্রস্ত অবস্থায় পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।