এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে জেলগেটে দুদিন জিজ্ঞাসাবাদের অনুমতি
দুদকের করা পৃথক দুই মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে দুই দিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন জানান, অর্থ আত্মসাতের দুটি পৃথক মামলায় তদন্ত কর্মকর্তারা নজরুল ইসলাম মজুমদারকে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। আদালত শুনানি শেষে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এর আগে, গত বছরের অক্টোবর মাসে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
একটি মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকারও বেশি ঋণ আত্মসাৎ করেছেন। এই অর্থের উৎস, অবস্থান ও মালিকানা গোপনের জন্য তা বিভিন্ন হিসাবে স্থানান্তর ও রূপান্তর করা হয়।
এই ঘটনায় দণ্ডবিধির ৪০৯/১০৯, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অন্য মামলায় অভিযোগ করা হয়েছে, নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জন অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে এক্সিম ব্যাংক থেকে ৬১৫ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন।