টাঙ্গাইলে ব্যবসায়ী নেতা আবুল কালাম মোস্তফা লাবুর ওপর সন্ত্রাসীদের হামলা
টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম মোস্তফা লাবুকে কুপিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফেরার পথে শহরের ভিক্টোরিয়া রোডে এ হামলার ঘটনা ঘটে।
সূত্র জানায়, সন্ধ্যায় লাবু শহীদ মিনারে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের শোকসভায় অংশ নেন। পরে সাধারণ গ্রন্থাগার থেকে অটোরিকশায় করে বাসায় ফেরার সময় আপ্যায়ন হোটেলের সামনে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন সন্ত্রাসী তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।
আবুল কালাম মোস্তফা লাবু বলেন, “এর আগেও সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালিয়েছিল। সেই ঘটনায় থানায় মামলা রয়েছে এবং পিবিআই তদন্ত করছে। আমার ধারণা, সেই মামলার আসামিরাই এ হামলার সঙ্গে জড়িত।”
টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহম্মেদ জানান, “খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত লাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”