নেত্রকোনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত, আহত দুই
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ময়মনসিংহ কোতোয়ালী থানার চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) ও নেত্রকোনা সদর উপজেলার আসদআটি গ্রামের শহিদ মিয়া (৪২)। আহতদের মধ্যে শহিদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৪০) রয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুভর্তি একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ মিয়া জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।