মেহেরপুরে তালাবদ্ধ গোডাউন থেকে কাঠমিস্ত্রির লাশ উদ্ধার, নিখোঁজ দুই সহযোগী
মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাহ দাহ গ্রামের একটি তালাবদ্ধ গোডাউন থেকে বিপ্লব হোসেন (৫২) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত বিপ্লব হোসেন বগুড়া সদর উপজেলার মৃত আনিসুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস ধরে বিপ্লব হোসেন ও তার সঙ্গে আরও দুইজন সহযোগী ওই গোডাউনে ফার্নিচারের কাজ করছিলেন। তবে গত কয়েকদিন ধরে তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে গাংনী থানায় খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ গোডাউনের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ওই গোডাউন থেকে কোনো কাজের শব্দ পাওয়া যাচ্ছিল না এবং দুর্গন্ধ ছড়াতে শুরু করলে তারা সন্দেহ করে পুলিশকে খবর দেন।
এদিকে বিপ্লবের সঙ্গে থাকা দুই সহযোগীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তারা পলাতক বলে ধারণা করা হচ্ছে।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”