কয়রায় রহস্যজনক মৃত্যু: ঘরের পাশে ঝুলন্ত অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার
খুলনার কয়রায় আফরিন (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ২ নম্বর কয়রা মালীবাড়ি এলাকায় নিজবাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে। নিহত আফরিন ওই এলাকার আছাদুল মালীর মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, সকালে পরিবারের সদস্যরা আফরিনকে ঘরের পাশে একটি কাঠের খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা দ্রুত কয়রা থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয়দের দাবি, আফরিন যে খুঁটিতে ঝুলেছিল, তার উচ্চতা আফরিনের চেয়ে নিচু, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে। তারা মনে করছেন, এটি আত্মহত্যা নাকি হত্যা— সে বিষয়ে সঠিক তদন্ত প্রয়োজন।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেন বলেন,
“প্রাথমিকভাবে কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা— তা স্পষ্ট হবে।”