মিরপুরে ১০৫ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা ডাকাতি: মূল হোতাসহ গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুরের দারুস সালাম থানা এলাকায় এক ব্যবসায়ীর বাসা থেকে ১০৫ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকার বেশি নগদ অর্থ লুটের ঘটনায় মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডাকাতির মূল পরিকল্পনাকারী মো. বিল্লাল হোসেন এবং তার সহযোগী মো. হোসেন সোহান, বকুল বিবি ও কুলসুম বিবি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) র্যাব-৪ ও র্যাব-৮-এর যৌথ অভিযানে ঢাকার সদরঘাট এলাকা ও ভোলার সদর থানার উত্তর ভেদুরিয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, প্রথমে ঢাকার সদরঘাট এলাকা থেকে মূল হোতা বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোলায় অভিযান চালিয়ে আরও তিনজন সহযোগীকে আটক করা হয়।
অভিযানের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন এবং লুট হওয়া মালামালের অংশবিশেষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১ ভরি ১০ আনা ১ রতি স্বর্ণ, সিটি গোল্ড ৮ ভরি ২ আনা ৪ রতি এবং নগদ ৮০ হাজার টাকা।
মামলার এজাহার অনুযায়ী, সম্প্রতি দারুস সালাম এলাকার ব্যবসায়ী মো. উল্লাহর বাসায় প্রকাশ্য দিবালোকে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীর স্ত্রীকে মারধর করে এবং আলমারির লকার ভেঙে স্বর্ণালংকার ও টাকা লুট করে নেয়।
ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।