বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › মৃত্যুফাঁদে নল্লাপাড়া সেতু: প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষের

মৃত্যুফাঁদে নল্লাপাড়া সেতু: প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষের

favicon
অনলাইন সংস্করণ
মৃত্যুফাঁদে নল্লাপাড়া সেতু: প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষের

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নল্লাপাড়া এলাকায় মহাদেও নদীর ওপর নির্মিত নল্লাপাড়া সেতুটি এখন ভয়াবহ ঝুঁকিতে—স্থানীয়দের কাছে এটি পরিণত হয়েছে এক “মৃত্যুফাঁদে”। সেতুর দুই প্রান্তের সংযোগ সড়কের মাটি ধসে তৈরি হয়েছে বড় বড় গর্ত, ফলে প্রতিদিন শতাধিক যানবাহন ও হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি ব্যবহার করছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি ১৯৯৮ সালে ধসে যাওয়া পুরনো সেতুর পরিবর্তে নির্মিত হয়। এটি কলমাকান্দা উপজেলা সদর ও রংছাতি ইউনিয়নের একমাত্র সংযোগ সেতু। পাশাপাশি সুনামগঞ্জের তাহেরপুর ও মধ্যনগরসহ সীমান্তবর্তী পাঁচগাঁও ও মহেশখলা এলাকার প্রায় ২০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র পথ এটি।


সরেজমিনে দেখা গেছে, সেতুর পশ্চিম প্রান্তের মাটি নদীতে ভেসে গিয়ে প্রায় ২০ ফুট লম্বা গর্ত তৈরি হয়েছে। এখন যানবাহন চলাচল করছে কেবল সেতুর স্ল্যাবের ওপর দিয়ে। সামান্য বৃষ্টিতেই স্ল্যাব ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অপর প্রান্তের অবস্থাও একইভাবে ঝুঁকিপূর্ণ।


স্থানীয়রা জানান, পাহাড়ি ঢল ও অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর তীর ভেঙে পড়ছে, এতে সেতুর নিচের মাটি ধসে যাচ্ছে। তারা নিজেরা বালুভর্তি বস্তা ফেলে সেতুটি টিকিয়ে রাখার চেষ্টা করলেও তাতে কোনো স্থায়ী সমাধান আসেনি।


স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন বলেন, “প্রতি বর্ষায় নদীর স্রোতে সেতুর দুই পাশের মাটি ভেঙে যায়, বড় গর্তের সৃষ্টি হয়, ফলে যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এখনো মানুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছে।”


রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান জানান, “বিষয়টি বারবার এলজিইডিকে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। স্থানীয়ভাবে মেরামত করলেও তা বেশিদিন টেকে না।”


কলমাকান্দা উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মমিনুল ইসলাম বলেন, “সেতুর পাশে সতর্কতা সাইনবোর্ড বসানো হয়েছে এবং অস্থায়ীভাবে স্ল্যাব দিয়ে চলাচল সচল রাখা হয়েছে। খুব শিগগিরই বিকল্প ডাইভারশন রাস্তা তৈরি করা হবে।”


জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান জানান, “নল্লাপাড়া সেতুর স্থলে ৫২ মিটার দৈর্ঘ্যের নতুন সেতুর নকশা ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। প্রকল্প অনুমোদন পেলেই দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে।”