ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মশাল মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক
গভীর রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার কর্মীকে আটক করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। শনিবার (১ নভেম্বর) রাত ১টার দিকে সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে মশাল মিছিল বের করার সময় এ ঘটনা ঘটে। পরে একটি পিকআপভ্যানসহ চারজনকে আটক করে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।
মশিউর রহমান রনি জানান, শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের আগমন উপলক্ষে ব্যানার ও ফেস্টুন টাঙানোর কাজ তদারক করতে তিনি এলাকায় যান। সে সময় পাসপোর্ট অফিসের পেছন দিক থেকে একটি মশাল মিছিল আসতে দেখে সন্দেহ হলে তিনি ও তাঁর সঙ্গীরা সেটি থামানোর চেষ্টা করেন।
রনি বলেন, “আমরা প্রথমে দুইজনকে সাইনবোর্ড এলাকায় ধরি। এরপর তাদের সঙ্গে থাকা একটি পিকআপ দ্রুত পালানোর চেষ্টা করলে মোটরসাইকেলে পিছু নিয়ে পঞ্চবটি এলাকায় গিয়ে বাকি দুইজনকেও আটক করি।”
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, “চারজন ছাত্রলীগ কর্মীকে যুবদল নেতা রনি থানায় সোপর্দ করেছেন। তাদের কাছ থেকে একটি পিকআপভ্যান ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ছবি সংবলিত ব্যানার জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”