গাইবান্ধায় বৃদ্ধাকে ধর্ষণ ও নির্যাতনের প্রধান আসামি আইয়ুব আলী ঢাকায় গ্রেপ্তার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক সত্তরোর্ধ্ব নারীকে ফাঁকা মাঠে হাত-পা বেঁধে ধর্ষণ ও নির্যাতনের মামলার প্রধান আসামি আইয়ুব আলী (৪৫) অবশেষে গ্রেপ্তার হয়েছেন।
রবিবার (২ নভেম্বর) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আইয়ুব আলী সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের আকবর আলীর ছেলে। তিনি পেশায় কৃষক এবং দুই সন্তানের জনক।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব আহম্মেদ জানান, ঘটনার পর থেকে আইয়ুব আলী ঢাকায় পালিয়ে ছিলেন। তার অবস্থান শনাক্তের পর পুলিশের একটি বিশেষ দল মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাতেই তাকে সড়কপথে সাদুল্লাপুরে আনা হয়।
সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর দুপুরে আলীনগর গ্রামের ওই বৃদ্ধা মাঠে ছাগল চরাতে গেলে আইয়ুব আলী তাকে হাত-পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়।
ভুক্তভোগী সাত সন্তানের জননী। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ওই নারীর ছেলে বাদী হয়ে সাদুল্লাপুর থানায় ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করেন।
সূত্র: স্থানীয় প্রতিনিধি, গাইবান্ধা