বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ট্রেনের নিচে পড়ে অক্ষত থাকলেও শেষ রক্ষা হয়নি জালালের

ট্রেনের নিচে পড়ে অক্ষত থাকলেও শেষ রক্ষা হয়নি জালালের

favicon
অনলাইন সংস্করণ
ট্রেনের নিচে পড়ে অক্ষত থাকলেও শেষ রক্ষা হয়নি জালালের

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫০ বছর বয়সী জালাল উদ্দিন জালু নামের এক সবজি ব্যবসায়ী। চলন্ত ট্রেনের নিচে পড়ে অক্ষত অবস্থায় উদ্ধার হলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনাটি ঘটে রবিবার রাত ৮টা ৫০ মিনিটে। শ্রীপুর রেলস্টেশনের এক নম্বর লাইনে ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র ট্রেন দাঁড়িয়ে ছিল। ট্রেনে ওঠার জন্য দুই নম্বর লাইন ধরে দৌড়াতে গিয়ে জালালের পা পিছলে পড়ে যান ঠিক সেই মুহূর্তে আসা ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনের নিচে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো ট্রেন তার ওপর দিয়ে চলে গেলেও তিনি তখন অক্ষত ছিলেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জালাল উদ্দিন জালু (৫০) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর আলগী ইউনিয়নের নিধিয়ারচর বেপারিপাড়া গ্রামের মো. তৈয়ব উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর বাজারে সবজি ব্যবসা করতেন।

শ্রীপুর রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, “পুরো ট্রেন তার ওপর দিয়ে চলে গেলেও কোনো আঘাত ছিল না। পরে হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি ঘটে।”

গফরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম জানান, সোমবার সকাল ১১টায় জালালের জানাজা সম্পন্ন হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কাইয়ুম আলী বলেন, “রাত ১২টার দিকে আমরা ঘটনাটি জানতে পারি। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”