বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সিজার চলাকালে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন, অল্পের জন্য রক্ষা মা-শিশু

সিজার চলাকালে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন, অল্পের জন্য রক্ষা মা-শিশু

favicon
অনলাইন সংস্করণ
সিজার চলাকালে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন, অল্পের জন্য রক্ষা মা-শিশু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চলাকালীন সময়েই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারের পাশের স্টোর রুমে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের সময় একজন গর্ভবতী নারীর সিজার চলছিল, এতে মুহূর্তেই হাসপাতালে চিকিৎসক, নার্স ও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে মা ও নবজাতকসহ কেউ আহত হননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, সিজার চলাকালীন সময়ে হঠাৎ স্টোর রুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। দ্রুত চিকিৎসক ও নার্সরা মা ও নবজাতককে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অপারেশন থিয়েটারের গাইনী বিশেষজ্ঞ ডা. রাশেদা পারভীন মুন্নী বলেন,


“নবজাতক বের করার পর হঠাৎ বাইরে থেকে ‘আগুন! আগুন!’ বলে চিৎকার শুনতে পাই। সবাইকে শান্ত রেখে অপারেশন শেষ করি, তারপর মা ও শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।”


তিনি জানান, নবজাতক ও তার মা বর্তমানে সুস্থ আছেন।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন বলেন,


“প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকেই কারণ মনে হচ্ছে। ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।”