নড়িয়ায় বিএনপির সভাস্থলের কাছে ২০টি হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির এক আলোচনা সভা চলাকালে সভাস্থলের কাছাকাছি কমপক্ষে ২০টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ওই সভা চলার সময় হঠাৎ পাশের এলাকা থেকে ধারাবাহিকভাবে কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন।
খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল মাঝি অভিযোগ করে বলেন, “আমাদের শান্তিপূর্ণ সভা নস্যাৎ করার জন্যই এই নাশকতা চালানো হয়েছে। যারা আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আশ্রয়ে ছিল, এখন তারা নব্য বিএনপি হয়ে আমাদের কার্যক্রমে বাধা দিচ্ছে। আমরা তাদের চিনি এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ কিছু বস্তু উদ্ধার করেছে। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে।”